জেলার ফুটবল চাঙা করতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের ডিজিটাল ব্যানারে লেখা—‘ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা’। তা এক অর্থে পুনর্মিলনীই বটে। দেশের সব জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) প্রতিনিধিদের কাল রাজধানীর এক পাঁচতারা হোটেলে এক ছাতার নিচে এনেছিল ফুটবল ফেডারেশন। উদ্দেশ্য—ডিএফএ কর্তাদের সঙ্গে কথা বলে জেলার ফুটবলকে চাঙা করে তোলা।
বছর দুয়েক আগে জেলায় জেলায় নিয়মিত লিগ আয়োজন করতে প্রতিটি ডিএফএকে দুই লাখ করে টাকা দিয়েছিল বাফুফে। কিন্তু টাকা নিয়েও লিগ করেনি ২২টি জেলা। তাদের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। কালকের অনুষ্ঠানে আবারও তাদের লিগ আয়োজনের অনুরোধ করা হয়। কেন তারা লিগের আয়োজন করতে পারছে না, সেই সমস্যার কথাও জানতে চেয়েছে ডিএফএ লিগ কমিটি।
৬৪ জেলা ও ৮ বিভাগ থেকে সব মিলিয়ে কাল এসেছিলেন ৫৮ জন প্রতিনিধি। এর মধ্যে শুধু ব্রাহ্মণবাড়িয়া, যশোর ও জামালপুরের প্রতিনিধিকে সবার হয়ে কথা বলার সুযোগ দেওয়া হয়। সবারই একই দাবি, মাঠে খেলা রাখতে হবে। এ জন্য
আরও বেশি অর্থের প্রয়োজন। দাবি ছিল আরেকটা—কাজী সালাউদ্দিনের মতো বড় তারকা ফুটবলাররা যেন লিগ দেখতে যান। এতে অনুপ্রাণিত হবে তরুণ ফুটবলাররা।
এই অনুষ্ঠানকে অনেকেই আগামী বছরের নির্বাচনের পরোক্ষ প্রচারণা বলছেন। সেদিকে ইঙ্গিত করেই জামালপুর ডিএফএর ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান বললেন, ‘আমরা সব সময় আপনাদের পাশে পেতে চাই। নির্বাচনের সময় এলে আমাদের অতিরিক্ত আদরের দরকার নেই।’
অনুষ্ঠানে উপস্থিত বাফুফের সহসভাপতি এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের কাছেও নানা দাবি-দাওয়ার কথা তুললেন ডিএফএ কর্তারা। জেলার ফুটবলের পৃষ্ঠপোষক হিসেবে আছে নিটল টাটা গ্রুপ। জেলাভিত্তিক শেরেবাংলা কাপ ও যুব ফুটবলের সোহরাওয়ার্দী কাপ আবার শুরুর যে পরিকল্পনা করা হচ্ছে, সেটিতে পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি দিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাতলুব আহমেদ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাজী সালাউদ্দিন তাঁর বক্তব্যে বললেন, ‘আমি অনেক অভিযোগ শুনেছি, নালিশ শুনেছি...আমি তবু খুশি। এই কারণে খুশি যে, আপনারা বিষয়টার মধ্যে ঢুকে গেছেন। আপনি সমস্যার কথা বলছেন, কারণ আপনি কাজ করতে এসে এটা বুঝতে পেরেছেন।’
ডিএফএকে যথেষ্ট আর্থিক সহযোগিতা করতে না পারার কারণ হিসেবে বললেন, ‘আপনারা গরিব অভিভাবকের কাছে এসে পড়েছেন। আমার মূল আয় চার থেকে সোয়া চার কোটি টাকা, যেটা এএফসি ও ফিফা দেয়। পেশাদার লিগ করতেই ক্লাবগুলোকে এর বেশির ভাগ টাকা দিয়ে দিতে হয়।’
বাফুফের ওপর নির্ভরশীল না হয়ে ডিএফএগুলোকে তাই নিজেদের উদ্যোগে ফুটবলার তৈরিতে মন দেওয়ার পরামর্শও দিলেন সালাউদ্দিন।